দুপুরে ভাত না দেওয়ায় রোজাদার স্ত্রীকে খুন
দুপুরবেলায় পাতে ভাত বেড়ে না দেওয়ায় ক্ষুব্ধ স্বামী ইমা বেগম (১৮) নামের এক রোজাদার গৃহবধূকে গলাটিপে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখইর গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন স্বামী মারুফ হোসেনকে (২২) আটক করে পুলিশে দেন।
বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি গ্রামের ইমামুল হকের মেয়ে ইমার সঙ্গে বছর খানেক আগে চন্দ্রখইর গ্রামের মারুফের বিয়ে হয়। মারুফ পেশায় ওয়েল্ডিং কারখানার একজন শ্রমিক। বুধবার দুপুরে তিনি স্ত্রীর কাছে ভাত খেতে চান। রোজাদার ইমা রোজা রাখা অবস্থায় স্বামীকে ভাত বেড়ে দিতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার জের ধরে ক্ষিপ্ত মারুফ স্ত্রীর গলা টিপে ধরেন। এতে ইমা অচেতন হয়ে পড়ে গেলেও মারুফ তাঁকে চিকিৎসা না করিয়ে ঘরেই বিছানায় শুইয়ে রাখেন। ইফতারির পর প্রতিবেশীরা ঘরে এসে ইমাকে ধরে দেখেন মৃত। প্রতিবেশীরা মারুফকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেন। এ ব্যাপারে বুধবার রাতেই বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোজার দিনে বেরোজাদার স্বামীকে খেতে দিতে না চাওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মারুফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।