দুবাই প্রবাসী আর ইউপি সদস্যের নামেও কার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সুবিধাভোগীর তালিকায় এক ইউপি সদস্য, দুবাই প্রবাসী, স্কুলের শিক্ষক, ব্যবসায়ীসহ সচ্ছল ব্যক্তিদের নাম আছে। উপজেলার ৪ নম্বর গড়াডোবা ইউনিয়নের তালিকা তৈরিতে এ অনিয়ম হয়েছে।

গড়াডোবা ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর থেকে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করে। এর অংশ হিসেবে গত আগস্টে গড়াডোবা ইউনিয়নের ৭০৪ জন সুবিধাভোগী ব্যক্তির তালিকা করা হয়। পরে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ও ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি এক সরকারি কর্মকর্তার সই করা ওই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়। পরে খাদ্য কর্মকর্তা ও ইউএনও এ তালিকা অনুমোদন দেন।

তালিকা দেখে ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সুবিধাভোগী ব্যক্তিদের তালিকায় ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মোতালেবের ভাই দুবাই প্রবাসী মোবারক হোসেনের নাম আছে। শুধু মোবারক নন, তাঁর বাবা গোলাম রব্বানী, মা আয়শা বেগম ও ভাই আবুল হাসেমের নামও তালিকায় রয়েছে। অথচ মোবারক প্রায় চার বছর আগে বিদেশ যান। সেখান থেকে সম্প্রতি তিনি তিন মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। এরপর কিছুদিন আগে আবার দুবাই চলে যান।

ইউপি সদস্য আবদুল মোতালেব বলেন, ‘ভুলে এমনটা হয়েছে। তবে বিদেশে থাকা ভাইয়ের কার্ডে অন্য একজন গরিব মানুষের ছবি লাগিয়ে তাঁকে চাল দিয়েছি। তা ছাড়া এ তালিকা সংশোধন করব।’

এদিকে এলাকার কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেন, তালিকা তৈরির সময় অনেক হতদরিদ্র ব্যক্তি বাদ পড়লেও, এতে শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার সচ্ছল ব্যক্তিদের নাম রাখা হয়েছে। এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী শহিদুল্লাহ একটি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ৯ নম্বর ওয়ার্ডের জুয়েল মিয়া ব্যবসায়ী। ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রাজ্জাক এলাকার বড় কৃষক।

অপরদিকে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রুকন মিয়ার নাম রয়েছে সুবিধাভোগী ব্যক্তিদের তালিকায়। রুকন মিয়া বলেন, ‘চলতি নভেম্বর থেকে সেটি সংশোধন করে দেব।’

গড়াডোবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ইতিমধ্যে সুবিধাভোগী ব্যক্তিদের নামের এ তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম, ইউপি সদস্যদের সঙ্গে বৈঠক করে তালিকা সংশোধন করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ না মানলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া স্বচ্ছতার জন্য সব ইউনিয়নের সুবিধাভোগী ব্যক্তিদের নামের তালিকা উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।