দুবাইফেরত গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঈদের দিন বৃহস্পতিবার দুবাইফেরত এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবার বাড়ির লোকজনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
মৃত গৃহবধূর নাম রিনা বেগম (২৬)। তিনি দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের মোশাররফ প্রামাণিকের স্ত্রী। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর বাবার বাড়ির লোকজন সন্দেহ করায় লাশ ময়নাতদন্ত করা হয়েছে। তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার কয়েকজন বলেন, প্রায় আট বছর আগে মোশাররফ প্রামাণিক রিনাকে বিয়ে করেন। এর কয়েক বছর পর মোশাররফ তাঁকে কাজের উদ্দেশ্যে দুবাই পাঠান। সেখান থেকে রোজগারের অর্থ তিনি স্বামীর কাছে পাঠান। কিন্তু মোশাররফের ধারণা, রিনা আরও অর্থ বাবার বাড়ি পাঠিয়েছেন। প্রায় তিন মাস আগে দেশে ফিরে এলে মোশাররফ ও তাঁর পরিবারের সদস্যরা আরও টাকার জন্য রিনাকে চাপ দিতে থাকেন এবং নির্যাতন শুরু করেন। গত বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।