দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগ, ফালুসহ ৭ ব্যবসায়ীকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৬৫ কোটি টাকা দুবাইয়ে পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ সাত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে আজ সোমবার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা আলাদা আলাদা চিঠির মাধ্যমে তাঁদের তলব করা হয়েছে।

মোসাদ্দেক আলী ফালুকে ১৪ আগস্ট সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে। ওই দিন আরও হাজির হতে বলা হয়েছে আরএকে পেইন্টস ও আশালয় হাউজিংয়ের পরিচালক এস এ কে একরামুজ্জামান, তাঁর ছেলে এবং আরএকে পেইন্টস ও আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের পরিচালক কামার উজ জামান, ঝুলপার বাংলাদেশ লিমিটেড ও রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামানকে।

১৩ আগস্ট সকালে হাজির হতে বলা হয়েছে আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মাকসুদুল করিম, রেকস সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক এবং স্টার সিরামিকসের পরিচালক প্রতিমা সরকারকে।

এ ছাড়া গতকাল রোববার পাঠানো নোটিশে আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের দুই পরিচালক মোহাম্মদ আমির হোসেন ও এম এ মালেক, রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ এবং আরএকে পেইন্টস ও আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক শায়লিন জামান আকবরকে ১২ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়।

এর আগে গত বৃহস্পতিবার মোসাদ্দেক আলী ফালুসহ নয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি পাঠায় দুদক। চিঠিতে বলা হয়, ওই নয়জনের বিরুদ্ধে ৮ মিলিয়ন ডলার সমমূল্যের প্রায় ৬৫ কোটি টাকা (প্রতি ডলার ৮২ টাকা হিসাবে) দুবাইয়ে পাচার করে অফশোর কোম্পানি খুলে বিনিয়োগ, দুবাইয়ে আরও শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানেও এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদক বিশ্বস্ত সূত্রে জেনেছে, এসব ব্যক্তি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। তাই তাঁরা যাতে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে না পারেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় দুদকের পক্ষ থেকে।

যাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাঁরা হলেন বিএনপির নেতা ও সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, আরএকে পেইন্টস ও আশালয় হাউজিংয়ের পরিচালক এস এ কে একরামুজ্জামান, তাঁর ছেলে এবং আরএকে পেইন্টস ও আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের পরিচালক কামার উজ জামান, ঝুলপার বাংলাদেশ লিমিটেড ও রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মাকসুদুল করিম, আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের দুই পরিচালক মোহাম্মদ আমির হোসেন ও এম এ মালেক, রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ এবং আরএকে পেইন্টস ও আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক শায়লিন জামান আকবর।

বিএফআইইউতে চিঠি
এই নয়জনের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে তথ্য সংগ্রহের অংশ হিসেবে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) কাছেও চিঠি পাঠিয়েছে দুদক। চিঠিতে ব্যাংক হিসাবসংক্রান্ত রেকর্ডপত্র, ব্যাংক বিবরণী, বিদেশে অর্থপাচার-সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা এবং এ-সংক্রান্ত বিশেষ তদন্ত প্রতিবেদন থাকলে তা সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া কিছু কোম্পানির নাম উল্লেখ করে দুবাই থেকে সে-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সরবরাহ করার অনুরোধ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার এই নয়জনের তথ্য জানতে নির্বাচন কমিশনে আলাদা আরেকটি চিঠি পাঠায় দুদক। নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে নয়জনের জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে। দলের আরেক সদস্য হলেন সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।