দুবৃর্ত্তের হামলায় ছাত্রলীগকর্মী গুরুতর আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর মাঠ সংলগ্ন পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগকর্মী তারিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, তারিকুর রহমান বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর সঙ্গে ক্যাম্পাসে হাঁটছিলেন। তারা পুরাতন ফোকলোর চত্বর সংলগ্ন পুকুরপাড়ে এসে পৌঁছালে অন্যরা কিছুটা সামনে এগিয়ে যায়। তারিকুর প্রস্রাব করতে পুকুরপাড়ে যান। প্রস্রাব শেষে উঠে দাঁড়াতেই দুবৃর্ত্তরা তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তারিকুর আর্তনাদ করে দৌঁড়াতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই তাঁর অস্ত্রোপাচার করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল গালিব বলেন, ‘আমি রিকশা নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তাঁর চিৎকার শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখি তারিকুর চিৎকার করছে আর তাঁর বুক দিয়ে রক্ত ঝরছে। তাঁর বুকে, কোমরে, কানের কাছে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান হাসপাতাল থেকে প্রথম আলো কে বলেন, ‘হামলাকারীরা পেছন থেকে তাঁর কোমরের কাছে ছুরিকাঘাত করে। এরপর ঘুরে দাঁড়াতেই বুকের ওপর ছুরিকাঘাত করে। এরপর এলোপাতাড়ি কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তারিকুরের অবস্থা খুবই গুরুতর।’ মিজানুর রহমান বলেন, ‘কারা হামলাটি চালিয়েছে তাৎক্ষণিকভাবে চেনা যায়নি।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারিকুর রহমান নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত না করা পর্যন্ত বলা যাচ্ছে না। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।’