দুমকিতে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশার মুন্সিপাড়া বাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার প্রতিপক্ষের হামলায় হাসিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও তিনজন।
আহত ব্যক্তিরা হলেন হাসিনা বেগমের দেবর রহিম সিকদার (৩৫), তাঁর স্ত্রী হেনা পারভীন (২৫) এবং রহিমের চাচাতো ভাই আলী হোসেন (২৮)। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
হাসিনা বেগমের স্বামী ছিদ্দিকুর রহমান জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে তাঁর বাবার চাচাতো ভাই মন্নান সিকদার ও মতলেব সিকদারের বিরোধ ছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ভাই রহিম ওই জমিতে গেলে মন্নান সিকদার ও মতলেব শিকদারের ছেলেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করতে থাকেন। এ সময় হাসিনা বেগম রহিমকে বাঁচাতে গেলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনা দেখে বাড়ির অন্য লোকজন ছুটে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর হাসিনা বেগম মারা যান।