দুমকিতে লক্ষাধিক চিংড়ির রেণু জব্দ, আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি ট্রাক থেকে ১০টি প্লাস্টিকের ড্রাম ও ১০টি পাতিলবোঝাই চিংড়ির লক্ষাধিক রেণু জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেলিম স্বর্ণকার (২৭), কাসেম জোমাদ্দার (৫০), গিয়াসউদ্দিন (৩৫), আবদুল হালিম হাওলাদার (৪৩), সমীর গুপ্ত (২৮), আলম হাওলাদার (৩৫), মুকুল বকসী (৪০) ও মোস্তাকিন (২০)। তাঁদের বাড়ি খুলনা, ভোলা ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গতকাল ভোরে ফেরি পারাপারের জন্য একটি ট্রাক দুমকির লেবুখালী ফেরিঘাটে পৌঁছায়। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে তাঁরা ট্রাকটি তল্লাশি করে প্লাস্টিকের বড় ড্রাম ও মাঝারি আকারের পাতিলভর্তি লক্ষাধিক চিংড়ির রেণু জব্দ করে। পুলিশ ট্রাকসহ ওই রেণু বহনকারীদের গ্রেপ্তার করে।
পটুয়াখালীর মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, সাগরসহ উপকূলীয় এলাকার বিভিন্ন নদীর মোহনায় চিংড়ির প্রচুর রেণু রয়েছে। এগুলো ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।