দুম্বার মাংস লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত রোববার রাতে দুম্বার মাংস লুট করেছে দুর্বৃত্তরা। ইউনিয়ন পরিষদ (ইউপি) কর্তৃপক্ষ থানা থেকে মাংস নেওয়ার সময় রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন ইউপি সদস্যও আহত হয়েছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতেউপজেলার রাজগাতি, মোয়াজ্জেমপুর, বেতাগৈর, খারুয়াসহ বিভিন্ন ইউনিয়নে বরাদ্দ পাওয়া দুম্বার মাংস নিয়ে একটি ছোট ট্রাক (পিকআপ) পুলিশ পাহারায় থানা থেকে রওনা দেয়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সেতু পার হয়ে উপজেলা মসজিদের সামনে পৌঁছালে কিছু লোক পিকআপটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় পিকআপের সামনের কাচ ভেঙে চালক আহত হন। পরে দুর্বৃত্তরা ট্রাক ঘেরাও করে মাংসের প্যাকেটগুলো ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে খারুয়া ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সাত্তারসহ তিন ইউপি সদস্য ইটের ঢিলে আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক তিন ইউপি সদস্য জানান, সৌদি সরকারের অনুদানের মাংস প্রতিবছর ইউপি কার্যালয় থেকে দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু এবার উপজেলা পরিষদ থেকে মনগড়া তালিকা করে বিতরণের ব্যবস্থা নেওয়ায় ওই মাংস লুটের ঘটনা ঘটে।

বেতাগৈর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকার বলেন, ‘ইউপি সদস্যরা মাংস নিয়ে ইউপি কার্যালয়ে আসার পথে লুট হয়েছে শুনেছি।’ তবে রাজগাতি ইউপি চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ্‌ মুঠোফোনে গতকাল বেলা দেড়টার দিকে জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পাঠানো তালিকা দেখে পুলিশ পাহারায় মাংস-সংশ্লিষ্ট ইউপি কার্যালয়ে পাঠানো হয়েছে। পরে সেখানে কী হয়েছে, তিনি তা বলতে পারবেন না।