দুর্গত এলাকায় ডাকাতের উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বন্যা দুর্গত এলাকায় ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। চারদিকে বানের পানি থাকার সুযোগে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় চড়ে ডাকাত দল হানা দিচ্ছে বানভাসি মানুষের বাড়িতে। আতঙ্কে গ্রামে গ্রামে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে ডাকাত দল ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ডাকাতেরা ১০টি গরু, সাতটি ছাগল, স্বর্ণালংকারসহ আসবাব নিয়ে গেছে।
ইসলামপুর উপজেলার বেলগাছা, চিনাডুলী, পাথর্শী ও সাপধরী ইউনিয়নে যমুনা নদীবেষ্টিত গ্রামগুলোতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। বেলগাছা ইউনিয়নের মন্নিয়ারচর, পশ্চিম মন্নিয়ারচর, বরুল, চরবরুল, চরমন্নে, বেলগাছা গ্রামে প্রায় প্রতিদিন কোনো না কোনো বাড়িতে ডাকাত দল হানা দিয়ে বানভাসি মানুষের গরু-ছাগলসহ সবকিছু লুটে নিচ্ছে।
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুকিয়া সরদার বলেন, বন্যা শুরুর সঙ্গে সঙ্গে এ উপজেলার চিকাজানী, চুকাইবাড়ি, হাতিভাঙা, চর আমখাওয়া ও কাঠারবিল এলাকায় প্রায় রাতেই চার-পাঁচটি নৌকায় চেপে ডাকাত আসছে। তবে কারও বাড়িতে এখনো হানা দিতে পারেনি।
দেওয়ানগঞ্জ থানার ওসি আসলাম উদ্দিন বলেন, এ উপজেলার যমুনা নদীবেষ্টিত গ্রামগুলোর লোকজনের সমন্বয়ে পুলিশ, চৌকিদার ও দফাদারের মাধ্যমে কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা রাতে নৌকা নিয়ে টহল দিয়ে থাকেন। এ ছাড়া পুলিশের বেশ কয়েকটি দল ওই সব এলাকায় সন্ধ্যার পর থেকে নিয়মিত টহল দিচ্ছে। ফলে এ উপজেলায় এখনো ডাকাত কারও বাড়িতে হানা দিতে পারেনি।
বেলাগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শিক্কু মিয়া বলেন, শুক্রবার গভীর রাতে মন্নিয়ারচর গ্রামে হজরত আলীর বাড়িতে ডাকাত দল হানা দিয়ে একটি গরু, চারটি ছাগল এবং আশরাফ আলীর দুটি গরু ও জরিপ উদ্দিনের একটি ছাগল লুটে নেয়। শনিবার পশ্চিম মন্নিয়ারচর গ্রাম থেকে হাজের আলী ফকিরের ছয়টি গরু, তফর মণ্ডলের আসবাব ও কালাচাঁন মিয়ার স্ত্রীর স্বর্ণের চেইন নিয়ে যায় ডাকাত দল।। ডাকাত ঠেকাতে গ্রামের লোকজন নৌকায় করে রাতে পাহারা দিচ্ছেন। শনিবারই পাঁচটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ২৫-৩০ জনের ডাকাত দল মন্নিয়ারচর গ্রামে হানা দেয়। গ্রামের লোকজনও কয়েকটি নৌকা নিয়ে ডাকাতদের ধাওয়া করেন। একপর্যায়ে ডাকাতেরা গুলি ছুড়ে পালিয়ে যায়।
বেলাগাছা ইউপি চেয়ারম্যান আবদুল খালেক বলেন, ‘প্রতি রাতেই ডাকাত কোনো না কোনো বাড়িতে হানা দিয়ে গরু-ছাগলসহ সবকিছু লুটে নিয়ে যাচ্ছে। গত শনিবার রাতে আমার বাড়িতে ডাকাত আসে। গ্রামের লোকজন সাত-আটটি নৌকা নিয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। গ্রামবাসী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত দল রোববার থেকে রাত জেগে বিভিন্ন গ্রামে টহল দিচ্ছে। ফলে ডাকাত দল নদীতে ঘোরাঘুরি করলেও গ্রামে ভিড়তে পারছে না।’
জামালপুরের নৌ-থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বন্যার কারণে ডাকাতদের উপদ্রব বেড়ে গেছে। তবে গ্রামে গ্রামে পুলিশের দুটি দল সন্ধ্যার পর থেকে সারা রাত টহল দিচ্ছে। এ ছাড়া নির্জন গ্রামগুলোতে দিনের বেলায়ও টহলের ব্যবস্থা করা হয়েছে। ফলে রোববার থেকে কোনো গ্রামে ডাকাতির খবর পাওয়া যায়নি।