রংপুরের তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক দখল করে পশুর চামড়ার হাট বসানো হয়েছে। কুর্শা কাজীপাড়া গ্রামের ফজলার কাজী ও ফরিদ কাজী ওই হাট বসিয়েছেন। এ কারণে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা নাক-মুখ চেপে চলাচল করছে।
তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন জানান, সড়কের ওপর পশুর চমড়ার হাট বসায় পথচারীদের নানা সমস্যা হচ্ছে। দুর্গন্ধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অনেকেই ওই পথ দিয়ে যাতায়াতের সময় বমি করছে। চৌপথী এলাকার বাসিন্দা মোজাহারুল ইসলাম বলেন, চমড়ার দুর্গন্ধে দিনে রাস্তা দিয়ে হাঁটা যায় না।
গতকাল রোববার বিকেল চারটার দিকে সরেজমিনে দেখা গেছে, তারাগঞ্জ বাজারের ভেতর দিয়ে ১১ কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটি কিশোরগঞ্জ উপজেলায় চলে গেছে। এটির তারাগঞ্জ চৌপথী থেকে সোনালী ব্যাংক পর্যন্ত ৬০০ মিটার এলাকাজুড়ে চামড়ার হাট বসেছে। এতে সংকুচিত হয়ে পড়েছে ব্যস্ততম সড়কটি। সেখানে যান চলাচল করছে ধীরগতিতে। চামড়ার দুর্গন্ধে উপজেলা সদরের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীর অনেককেই নাক-মুখ চেপে চলাচল করছে।
রাধারাণী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদেকা আক্তার বলেন, ‘রাস্তায় চমড়ার হাট বসায় কলেজে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। দুর্গন্ধে বমিও করছে অনেকে।’
তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী আয়শা খাতুন বলে, ‘স্কুলে যাতায়াতের বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে নাক-মুখ চেপে ওই সড়ক দিয়েই চলতে হচ্ছে।’
তারাগঞ্জ হাটের ইজারাদার শহিদার রহমান বলেন, ‘হাটের ভেতরে জায়গা-সংকটের কারণে ফজলার কাজী ও ফরিদ কাজীর জমিতে দুই বছর ধরে চামড়ার বাজার চলে। ৮ অক্টোবর থেকে সপ্তাহে দুদিন রোববার ও বৃহস্পতিবার তাঁরা সড়কে হাট বসান।’
মুঠোফোনে যোগাযোগ করলে ফজলার কাজী ও ফরিদ কাজী প্রথম আলোকে বলেন, চামড়া সরবরাহ বেড়ে যাওয়ায় সড়কের ওপর হাট বসানো হয়েছে। সরবরাহ কমে গেলে সড়কে হাট বসানো হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।