দুর্গম পাহাড়ে তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ের দুর্গম এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ওই তরুণীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ওই তরুণী হত্যাকাণ্ডের শিকার বলে তাঁরা ধারণা করছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করা হবে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝরনার কিছু আগে পাহাড়ের দুর্গম অংশে অগ্নিঝড়া নামে পাহাড়ের পাদদেশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত তরুণীর মুখে ওড়না গুঁজে দেওয়া ছিল। আর পরনে ছিল বোরকা।

সকালে কৃষকেরা লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিনকে খবর দেন। পরে চেয়ারম্যান দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ওই তরুণীর বয়স আনুমানিক ২৪ বছর বলে ধারণা করা হচ্ছে।