দুর্গা মণ্ডপে প্রতিমা ভাঙচুর, হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুরের মূর্তি থেকে মাথা ভেঙে মাটিতে ফেলে রাখা হয়েছে। ছবি: প্রথম আলো
অসুরের মূর্তি থেকে মাথা ভেঙে মাটিতে ফেলে রাখা হয়েছে। ছবি: প্রথম আলো

পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে পূজা না করতে সেখানে কয়েকটি চিরকুট ফেলে যায় তারা।
গতকাল রোববার রাতে মদনপুরা ইউনিয়নে মদনপুরা গ্রামে পালপাড়া সর্বজনীন পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, রঙের কাজ বাকি ছিল। দুর্বৃত্তরা দুর্গা প্রতিমার বাঁ হাত, লক্ষ্মীর দুই হাত, সরস্বতীর ডান হাত ও হাঁস, মহিষ, বাঘের মুখ ও কান, অসুরের মাথা ও দুই হাত ভেঙে ফেলে যায়। ওই সময় দুর্বৃত্তরা প্রতিমার গায়ে গোবর ছিটিয়ে দেয় এবং হাতে লেখা দুই পৃষ্ঠার একটি চিঠি রেখে যায়। চিঠিতে পূজা না করাসহ বিভিন্ন আপত্তিকর কথা লেখা ছিল।
পূজা আয়োজক কমিটির সভাপতি বরুণ পাল বলেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দু-এক দিনের মধ্যে রঙের কাজ শুরু করার কথা ছিল। গতকাল রাতে প্রতিমাশিল্পী রূপক পাল ও তাঁর কয়েকজন সহযোগী প্রতিমার ছোটখাটো কিছু কাজ শেষ করে ১২টার দিকে ঘুমাতে যান। আজ ভোরে মণ্ডপের পাশের ঘরের সমীর পাল প্রতিমা ভাঙচুরের দৃশ্য দেখতে পেয়ে তাঁকে খবর দেন। এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও তিনি জানান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনাকে দুঃখজনক ও ন্যক্কারজনক আখ্যা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, প্রতিমা তৈরি করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করতে পারেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।