রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করার পর ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা চালিয়েছেন। গতকাল সোমবার বিকেলে এ ঘটনার সময় ইউএনও আক্তারুন্নাহার কার্যালয়ে ছিলেন।
দুর্গাপুর থানার ওসি পরিমল চন্দ্র বলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজেবুল ইসলাম খানের নেতৃত্বে দুর্গাপুর বাজারে একটি আসবাব ও কয়েকটি তৈরি পোশাকের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি দোকানকে জরিমানা করেন আদালত। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ইউএনওর কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যবসায়ীদের উপজেলা চত্বর থেকে বের করে দেওয়া হয়।