দুর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত

নেত্রকোনার দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার সাংসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম আবদুল হাকিম (১৭)। সে সাংসা গ্রামের নাজিম উদ্দিন খাঁর ছেলে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সাংসা গ্রামের আজমত খাঁর (৪৬) সঙ্গে প্রতিবেশী নাজিম উদ্দিন খাঁর (৪৮) জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে। এর জের ধরে রোববার আজমত খাঁর সঙ্গে নাজিম উদ্দিনের ছেলে আবদুল হাকিমের বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আবদুল হাকিম ছাড়াও নাজিম উদ্দিনের পক্ষের হান্নান খাঁ (১৬), মোফাজ্জাল খাঁ (২৮), মিজান খাঁ (৪০), সুলতান খাঁ (৪০) এবং অপর পক্ষের আজমত খাঁ, সাহাব উদ্দিন (৪৫), আবদুর রহমান (৩৮) আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন। বাকিদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।