দুর্গাপুরে ভাইস চেয়ারম্যানসহ পাঁচজনের জরিমানা
নেত্রকোনার দুর্গাপুরে গত শনিবার কার্যালয়ে বসে জুয়া খেলার অপরাধে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই পাঁচজন জরিমানার টাকা পরিশোধ করে গতকাল রোববার থানা থেকে ছাড়া পেয়েছেন।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) নেতৃত্বে একদল পুলিশ পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে অভিযান চালায়।
এ সময় জুয়া খেলারত অবস্থায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন (আসাদ) এবং লিঙ্কন চন্দ, রিপন আহমেদ, নোমান মিয়া ও ইছহাক আহমেদ নামের চার ব্যক্তিকে আটক করা হয়। পরে এ ঘটনায় নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ৪০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁরা জরিমানার টাকা দিয়ে ছাড়া পান।
ইউএনও মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে জানান, জুয়া খেলা ও ধূমপানের দায়ে তাঁদের ওই জরিমানা করা হয়।