দুর্গাপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুর্গাপুর পৌর শহরের নাজিরপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন দুর্গাপুর পৌর যুবলীগের সভাপতি নজরুল ইসলাম; কর্মী মাজহারুল ইসলাম, নয়ন ও রিপন সরকার এবং ব্যবসায়ী হযরত আলী। তাঁদের মধ্যে গুরুতর আহত নজরুল ইসলামকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নজরুল ইসলামের সঙ্গে পৌর মেয়র আবদুর সালামের ভাতিজা যুবলীগের কর্মী মাজহারুল ইসলামের এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সোমেশ্বরী নদীতে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র বসানো এবং বালুবাহী ট্রাক আসা-যাওয়ার রাস্তার নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাজিরপুর মোড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষ থেকেই রিভলবার দিয়ে কমপক্ষে পাঁচটি গুলি ছোড়া হয়। এ সময় এলাকাবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের ঘটনায় পৌর শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নজরুল ইসলামের সমর্থকেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরের উকিলপাড়া এলাকায় মাজহারুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে তাঁরা মিছিল বের করেন।
এ বিষয়ে কথা বলতে চাইলে নজরুল ইসলাম ও মাজহারুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. হুমায়ুন কবীর বলেন, আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবর্ষণের বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে এএসপিকে (সদর সার্কেল) পাঠানো হচ্ছে।’