দুর্গাপুরে র্যাবের কাছ থেকে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুরে র‌্যাবের কাছ থেকে আসামি ছিনতাই ও র‌্যাবের সদস্যদের আটকে রেখে মারধরের অভিযোগে গতকাল বুধবার থানায় মামলা হয়েছে।
এতে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৪০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এ ঘটনায় ইউনিয়ন জামায়াতের সভাপতি ওয়ালিউর রহমান ছাড়াও জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়েছে।
র‌্যাব-৫-এর গণমাধ্যম কর্মকর্তা শেখ নজরুল বলেন, গত মঙ্গলবার দুপুরে র‌্যাবের সদস্যরা সাদাপোশাকে উপজেলার কিশোরপুর গ্রামে এক আদম ব্যবসায়ীকে আটক করতে যান। এ সময় জামায়াতের কর্মীরা র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেন। তাঁরা র‌্যাবের চার সদস্যকে আটক করে মারধর করেন। পুলিশ গিয়ে র‌্যাবের সদস্যদের উদ্ধার করে। র‌্যাবের আহত সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দেলুয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি ওয়ালিউর রহমান, জামায়াতের কর্মী শফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন ও মসলেম আলী। এই চারজনসহ ১৫ জনের নাম উল্লেখ করে র‌্যাবের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহুরুল ইসলাম বাদী হয়ে গতকাল দুর্গাপুর থানায় একটি মামলা করেন।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, এ মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দান ও হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ আনা হয়েছে।
এসআই মহিদুল বলেন, র‌্যাবের সদস্যরা মঙ্গলবার কিশোরপুর গ্রামে সাদাপোশাকে অভিযান চালিয়ে জামায়াতের স্থানীয় কর্মী ও আদম ব্যবসায়ী আহাম্মেদ কবীরকে আটক করেন। এ সময় তাঁর ভাই জামায়াতের নেতা ওয়ালিউর রহমানের নেতৃত্বে জামায়াতের নেতা-কর্মীরা র‌্যাবের কাছ থেকে আহাম্মেদ কবীরকে ছিনিয়ে নেন। এরপর তাঁরা র‌্যাবের চার সদস্যকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
মহিদুল আরও বলেন, উপজেলার কিশোরপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আহাম্মেদ কবীর আদম ব্যবসার সুবাদে ওই এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী লোকজনের মধ্যে একজন র‌্যাবের কাছে অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সাদাপোশাকে অভিযান চালিয়ে কিশোরপুর গ্রামের নিজ বাড়ি থেকে আহাম্মেদ কবীরকে আটক করেন র‌্যাবের সদস্যরা। তাঁরা পরিচয় দেওয়ার পরও জামায়াতের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেন।