দুর্গাপুরে সামান্য ঘটনায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মুরগি মারাকে কেন্দ্র করে অফিয়া বেগম (৬০) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার ধরমপুর চকপাড়া গ্রামের কিতু মুন্নার স্ত্রী ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে অফিয়া বেগমের প্রতিবেশী ও আত্মীয় মকসেদ আলীর স্ত্রী আছিয়া বেগম তাঁর একটি মুরগি মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে অফিয়া বেগমকে দায়ী করে চেঁচামেচি শুরু করেন।
পরে অফিয়া বেগম মাঠ থেকে গরু আনতে গেলে আছিয়া বেগম ও তাঁর দুই ছেলে মিলে তাঁকে ঘিরে ধরে মুরগি মারার কৈফিয়ত চান। এ নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে তাঁরা অফিয়া বেগমকে কোদালের বাঁট দিয়ে পেটান। একসময় অফিয়া বেগম সংজ্ঞা হারিয়ে পড়ে যান।
খবর পেয়ে অফিয়া বেগমের ছেলে আবদুস সোবাহান মাকে উদ্ধার করে বাড়িতে নিলে সেখানে তিনি মারা যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, অফিয়া বেগমের আত্মীয়স্বজনই তাঁকে হত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিরা পলাতক। এ ব্যাপারে নিহত অফিয়ার ছেলে আবদুস সোবহান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।