দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার
রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল শুক্রবার দুর্ঘটনাকবলিত ব্যক্তিগত একটি গাড়ি থেকে সহস্রাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক শাহীন হাওলাদারকে (৩২) আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গাড়িটি নওগাঁ যাচ্ছিল। সাতটার দিকে গাড়িটি ভবানীগঞ্জ-আত্রাই সড়কের চাম্পাকুড়ি এলাকায় পেছনে থাকা একটি মাইক্রোবাস দেখে গতি বাড়িয়ে চালানো শুরু করে। কিছু দূর যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক গাড়ি রেখেই পালিয়ে যান। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে। এ সময় গাড়ির ভেতরে বস্তায় রাখা এক হাজার ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ তাহেরপুর এলাকা থেকে গাড়িচালক শাহীনকে আটক করে। শাহীন বরিশালের উজিরপুর এলাকার বাসিন্দা।
শাহীনের বরাত দিয়ে পুলিশ জানায়, ফেনসিডিলগুলো চারঘাট সীমান্ত দিয়ে পাচার করার পর ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। নিরাপদ রুট হিসেবে তাঁরা বাগমারার এই সড়কটি ব্যবহার করেন। গাড়ির পেছনে একটি যাত্রীবাহী মাইক্রোবাস দেখে তা আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর বলে সন্দেহ করে তিনি বেপরোয়াভাবে চালাতে গেলে এ দুর্ঘটনার শিকার হন।
বাগমারা থানার এসআই আব্দুল গণি জানান, এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।