দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, ভাঙচুর অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগে অভিমান করে লিখেছিলেন ‘গুড বাই ফেসবুক’। আর গতকাল মঙ্গলবার সকালে ক্লাসে গিয়ে বন্ধুরা শুনলেন বাসচাপায় মারা গেছেন সেই অভিমানী ছেলেটি।
গতকাল সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী আহমেদ ওরফে আলিফ বাসচাপায় নিহত হন। ছাত্র নিহত হওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা আগারগাঁওয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা বেলা দুইটা পর্যন্ত শেরেবাংলা নগর এলাকায় রোকেয়া সরণি ও পাশের (প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও পর্যন্ত) রাস্তা অবরোধ করে রাখেন।
পুলিশ ও নিহত ছাত্রের বন্ধুরা জানান, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র আলী আহমেদ। বাড্ডায় অন্য ভাইবোনদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো গতকাল সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে যে রাস্তাটি আগারগাঁওয়ে গিয়ে যুক্ত হয়েছে, সেই রাস্তা দিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকে বাস থেকে নামেন তিনি। এর পরই পেছন থেকে বিহঙ্গ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে একজন পুলিশ সদস্য রিকশায় আলী আহমেদকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর তাঁর হাতে থাকা খাতার ভেতর থেকে এক বন্ধুর মুঠোফোন নম্বর পেয়ে যোগাযোগ করলে তাঁর পরিচয় জানা যায়। সকাল ১০টার দিকে ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রছাত্রীরা ক্লাস ছেড়ে রাস্তায় নেমে আসেন। তাঁরা প্রথমে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় তিনটি বাসসহ ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করেন। বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে সরে গিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকে (দুর্ঘটনাস্থলে) অবস্থান নেন। ততক্ষণে পুলিশ ওই সড়কগুলো দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
শিক্ষার্থীরা বলেন, এর আগেও একই সড়কে ২০১৩ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রোসনা আফরোজ, গত বছরের জুন মাসে শিক্ষার্থী শাহীনুর আলম ও জুলাই মাসে তিতাস গ্যাসের সহকারী কর্মকর্তা আশরাফ হোসেন দুর্ঘটনায় নিহত হন। তখন থেকেই শিক্ষার্থীরা ওই সড়কের ওপরে পারাপারের জন্য পদচারী সেতু, যাত্রীছাউনি ও গতিরোধক নির্মাণের দাবি করে আসছেন। ২ নম্বর ফটকে রোকেয়া সরণিতে একটি গতিরোধক তৈরি করা হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও পর্যন্ত সড়কটি আগের মতোই রয়েছে। তৈরি করা হয়নি কোনো পদচারী সেতু, যাত্রীছাউনি। গতকালও শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একই সঙ্গে শিক্ষার্থীরা ঘাতক চালকের শাস্তি, নিহত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, পরিবারের সক্ষম সদস্যদের কাউকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার দাবি জানান। দাবি না মানা পর্যন্ত তাঁরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
বেলা দেড়টার দিকে উপাচার্য শাদাত উল্লা শিক্ষার্থীদের কাছে আসেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, দাবি অনুযায়ী ঘাতক গাড়িচালকের শাস্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় থেকে দুটি বাস কেনা ও একটি যাত্রীছাউনি করে দেওয়া হবে।
এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জাবের আলী মামলা করেছেন বলে জানিয়েছেন প্রক্টর মিজানুর রহমান। নিহত আলী আহমেদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ছয় ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।