দুর্ঘটনার পর পালানোর চেষ্টা, মেয়রের নির্দেশে আটক চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করছিল আরেকটি অটোরিকশা। তখন ওই পথ দিয়ে যাচ্ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের গাড়িবহর। মেয়রের নির্দেশ পেয়ে তাঁর প্রটোকলের গাড়িতে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশাসহ চালককে আটক করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এরপর ধাওয়া দিয়ে মেয়রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা লাভ লেইন এলাকা থেকে চালককে আটক করেন।
এর আগে গত সোমবার সকালে গাড়ির ধাক্কায় আহত ছয় বছরের স্কুলছাত্রীকে নিজের প্রটোকল গাড়িতে করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছিলেন মেয়র।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, সমঝোতার ভিত্তিতে আটক চালককে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার শিকার অটোরিকশাচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘গাড়িতে একজন যাত্রী ছিল। তবে আমরা কেউ তেমন আহত হইনি।’