দুর্ঘটনার ভাইরাল হওয়া ভিডিও দেখে গাড়িচালককে আটক
রাজধানীর সড়কে বেপরোয়া গাড়ি চালিয়ে রিকশায় ধাক্কা ও শিশুকে মারাত্মক আহত করার ঘটনায় ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজ দেখে গাড়ির চালককে আটক করেছে পুলিশ। ব্যক্তিগত গাড়িটিও জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ আজ রোববার এ কথা জানায়।
দুদিন ধরে ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, বেপরোয়া গতিতে কালো রঙের একটি ব্যক্তিগত গাড়ি পেছন থেকে একটি চলন্ত রিকশায় আঘাত করছে। একপর্যায়ে রিকশার আরোহী ও রিকশায় থাকা শিশু ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
ভিডিওটি দেখে ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গাড়ির চালককে শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে জব্দ করে গাড়িটি (ঢাকা মেট্রো-গ-৩৪-২২৬৩) হাতিরঝিল থানা হেফাজতে নেয় পুলিশ।
এরপর ভোররাত পৌনে চারটায় চুয়াডাঙ্গা থেকে আটক হন গাড়িটির চালক তাসকিন। মেহেরপুর জেলা পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হাট বোয়ালিয়া নতুনবাজার এলাকা থেকে ডিএমপির তেজগাঁও বিভাগ তাঁকে আটক করে। আটক ওই চালককে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি তেজগাঁও বিভাগ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল চিহ্নিত করে আটক চালক ও ব্যক্তিগত গাড়িটি সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।