কুষ্টিয়ার ছয়টি উপজেলার ভূমি কার্যালয়ে দুর্নীতি ঠেকাতে ও দালালদের হয়রানি কমাতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে এর সুফল মিলতে শুরু করেছে।
সেবা নিতে আসা লোকজন বলছেন, এখন দপ্তরগুলোতে দালালদের আনাগোনা কম। কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতিও বেড়েছে।
এ বছরের ফেব্রুয়ারি মাসে ভূমি কার্যালয়গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ১০ মার্চ সন্ধ্যায় ভূমিমন্ত্রী শামসুর রহমান জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জানান, দেশের ভূমি দপ্তরগুলোতে দুর্নীতি-অনিয়ম ঠেকাতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি কার্যালয়ে দুর্নীতি কমাতে ও গতিশীল রাজস্ব প্রশাসন গড়ার লক্ষ্যে এ বছরের জানুয়ারি মাসে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় জেলার সদর, দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলায় ভূমি কার্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। প্রতিটি ভূমি কার্যালয়ে ঢোকার মুখে এবং নাজির, সার্ভেয়ার (জরিপকারী), দপ্তর সহকারী, রেকর্ড কক্ষসহ গুরুত্বপূর্ণ জায়গায় সাতটি ক্যামেরা বসানো হয়েছে।
সম্প্রতি ভেড়ামারা ভূমি কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে দালালের আনাগোনা নেই। জমির নামজারি করতে আসা ফারাকপুরের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, আগে কাজ করতে গেলে দালালদের হাতে পড়ে টাকা দিতে হতো। এখন দালাল ছাড়াই কাজ করতে পারছেন।
গত বুধবার সদর উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন দপ্তরের সামনে বসে আছেন। তাঁরা আমজাদ হোসেন নামের এক ব্যক্তির জমির মিস কেসের শুনানিতে হাজির হতে এসেছেন। তিনি বলেন, ‘গত ২০ ফেব্রুয়ারি শুনানির দিন ছিল। সেদিন কাজ হয়নি। আশা করছি, আজ হয়ে যাবে। সিসি ক্যামেরা থাকায় দালাল ছাড়া কাজ করতে পারছি।’
দৌলতপুর উপজেলা ভূমি কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, সিসি ক্যামেরা বসানোয় কাজের গতি বেড়েছে। জনগণকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হচ্ছে।
মিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা সিরাজাম মুনিরা বলেন, সিসি ক্যামেরা বসানোর ফলে নিজের কক্ষে বসেই অন্য কক্ষের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তাঁরা টাকার জন্য কাউকে ভোগাতে পারেন না বা কাজে ফাঁকি দিতে পারেন না।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, সিসি ক্যামেরা দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি প্রশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।