দুর্নীতি তদন্তের সময় পেটানো হলো অভিযোগকারীকে!
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগের তদন্ত করার সময় তদন্তকারী কর্মকর্তার সামনেই প্রকৌশলীর ইন্ধনে অভিযোগকারী কার্যসহকারী আবদুস সালামকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলা প্রকৌশলীর দপ্তরে ওই ঘটনা ঘটে। সালামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রকৌশল দপ্তরের তিনজন কর্মচারী বলেন, উপজেলা প্রকৌশলী মজিবর রহমানের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ওই দপ্তরের সালামসহ চারজন কার্যসহকারী গত ১৪ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে প্রথম আলোর বিশাল বাংলায় গত ২৯ জুন ‘প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে গঠিত হয় তদন্ত কমিটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বেলা দুইটায় এক সদস্যের ওই কমিটির কর্মকর্তা ও রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রহমান সরেজমিনে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এসে তদন্ত কার্যক্রম শুরু করেন। এ সময় উপজেলা প্রকৌশলীর ইন্ধনে কার্যালয়ের পাশের কক্ষে থাকা কার্যসহকারী সালামকে সাত-আটজন টেনেহিঁচড়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সালাম অভিযোগ করে বলেন, উপজেলা প্রকৌশলীর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করায় তদন্তের সময় তাঁর ইন্ধনে উপজেলার বড়আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজার রহমান ও চতরা ইউপির চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে পাঁচ-ছয়জন ঠিকাদার অফিসকক্ষে তাঁকে বেধড়ক পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা চালান ও পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলেন। এ অবস্থা দেখে অভিযোগকারী অন্য কার্যসহকারীরা পালিয়ে রক্ষা পান।
অভিযোগের ব্যাপারে হাফিজার বলেন, ‘ওঁরা (কার্যসহকারীরা) প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করবে কেন? অভিযোগ করলে করবে চেয়ারম্যান-ঠিকাদার। আমি কাউকে মারিনি।’ মিজানুরও মারপিট করার কথা অস্বীকার করেন।
তদন্তকারী কর্মকর্তা বজলুর রহমান বলেন, ‘কার্যসহকারীকে মারধরের ঘটনাটি অফিসের বাইরে ঘটেছে। পরে আমি তাঁকে (কার্যসহকারীকে) নিরাপদে পাঠিয়ে দিয়ে তদন্তকাজ বন্ধ করে চলে এসেছি। বিষয়টি পরে তদন্ত করব।’ এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল সন্ধ্যায় উপজেলা প্রকৌশলী মজিবরকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি।