দুর্নীতি মামলায় অডিটর গ্রেপ্তার
দুর্নীতি মামলায় একজন অডিটরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই অডিটরের নাম মানিক চন্দ্র মৈত্র। তিনি খুলনার খালিশপুরে অবস্থিত ইউএজিইর (নেভি) অডিটর। ঢাকা সেনানিবাসে অর্থ নিয়ন্ত্রক (আর্মি) পে-১–এর কার্যালয়ের অডিটর থাকাকালে দুর্নীতির অভিযোগে গত বছরের নভেম্বরে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ১৮ জন সেনা কর্মকর্তার নামে ভুয়া টিএ/ডিএ ও বেতন–ভাতার বিল তৈরি করে ২ লাখ ৩১ হাজার টাকা ৮৩৮ টাকা আত্মসাৎ করেন মানিক চন্দ্র মৈত্রসহ ছয়জন। মামলার অন্য আসামিরা হলেন বরখাস্ত কর্পোরাল মো. আবুল কালাম, অডিটর রওশন আরা, মোহাম্মদ হোসেন মিয়া, মো. এনায়েত উল্লাহ, সুপার মো. শাহ জামাল, উপসহকারী অর্থ নিয়ন্ত্রক (অব.) মো. শাহজাহান।