দুর্নীতি মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার ভোরে রাজধানীর কাফরুল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত বছরের নভেম্বরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গত বছরের ৯ নভেম্বর গ্রেপ্তার হন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জাগরণ টেক্সটাইল মিলস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মিয়াজীকে।
দুজনকেই গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম।
দুদক সূত্র জানিয়েছে, ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে কাপড় আমদানির নামে সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় থেকে চেকের মাধ্যমে ৩ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৮৮৬ টাকা সরাসরি উত্তোলন করে আত্মসাতের অভিযোগে মামলাটি হয়। জাগরণ টেক্সটাইলের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মিয়াজী অসৎ উদ্দেশ্যে দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে বিদেশ থেকে কাপড় আমদানির নামে ওই ঋণ নেন। কিন্তু তিনি বিদেশে কোনো পোশাক রপ্তানি না করে দেশের খোলাবাজারে ওই সব পোশাক বিক্রি করেন। শুধু তা-ই নয়, তিনি ব্যাংকের ঋণ পরিশোধও করেননি।
সোমবার গ্রেপ্তার হওয়া কামাল হোসেন ওই সময় ব্যাংকটির প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। সব তথ্য জেনে অসৎ উদ্দেশে পরস্পর যোগসাজশে তিনি জাগরণের অর্থ আত্মসাতে সহায়তা করে নিজে লাভবান হয়েছেন বলে দুদকের অনুসন্ধানে তথ্য মিলেছে।