দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাড় নয়, বললেন দুদক কমিশনার
দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ পেলে তদন্ত করা হবে। এতে কোনো কার্পণ্য থাকবে না। এ ছাড়া তিনি সরকারি কর্মচারীদের হালাল উপার্জন করতে আহ্বান জানিয়ে মানুষজনকে কষ্ট না দিতে অনুরোধ করেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানিকালে প্রধান অতিথির এবং সমাপনী বক্তব্যে নাসিরউদ্দীন আহমেদ এসব কথা বলেন। আজ বুধবার কলাপাড়া উপজেলা পরিষদ ক্যাম্পাসের খোলা মাঠে এ শুনানি অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে এতে দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেনসহ অনেকেই বক্তব্য দেন।
কলাপাড়া উপজেলার ভূমি ও দিয়ারা সেটেলমেন্ট, সাবরেজিস্ট্রি, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, হিসাবরক্ষণ, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমবায়, সমাজসেবা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সেবাসংক্রান্ত বিষয় নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানির সময় কলাপাড়া পৌর শহরের বাসিন্দা মাহবুবুর রহমান আজাদ স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে তাঁর পৈতৃক দুটি ভিটা এবং উপজেলার লেমুপাড়া মৌজায় দুই কানি জমি অন্যায়ভাবে আট বছর ধরে ভোগদখল করার অভিযোগ তোলেন। এসব জমির জমা খারিজ করে দেওয়ার জন্য তিনি ভূমি অফিসকে দায়ী করেন।
গাজী আব্বাস উদ্দিন নামের টিয়াখালীর এক বাসিন্দা পায়রা সমুদ্রবন্দর এলাকায় এম এম কোম্পানি ১৯ একর ৯১ শতাংশ সরকারি জমি অবৈধভাবে দখল করে বালু ভরাট করেছে বলে অভিযোগ করেন।
উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের বিষয়ে অভিযোগ এনে কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার বাসিন্দা আসাদ আল আমিন বলেন, এ অফিসের নৈশপ্রহরী দেলোয়ার হোসেন এবং কর্মচারী বিকাশ ঘুষ গ্রহণ করে জমির দলিল করার কাজে লিপ্ত রয়েছেন। তা ছাড়া দেলোয়ার ভুয়া সনদ দিয়ে সরকারি চাকরি করে যাচ্ছেন।
মেজবাহ উদ্দিন মাননু নামের পৌর শহরের এক বাসিন্দা মিটার না দেখে বিদ্যুৎ বিল তৈরি করা, বছরের পর বছর ধরে মিটার বাবদ ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ নেওয়া এবং সেবার মানের ব্যাপারে আপত্তি তোলেন।
লালুয়া ইউনিয়নের এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুনায়েত হোসেন খান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক কাম মুদ্রাক্ষরিক মো. নেছার উদ্দিনের ৪৬ হাজার টাকা ঘুষ গ্রহণের যাবতীয় প্রমাণ গণশুনানির সময় দুদক কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন।
নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গণশুনানির সমাপনী বক্তব্যে দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা হালাল রুজি করেন। মানুষজনকে কষ্ট দিয়েন না। মানুষের সেবা করা আপনাদের দায়িত্ব।’