দুর্নীতিবিরোধী শোভাযাত্রা সমাবেশ
‘রুখব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এ স্লোগান নিয়ে নেত্রকোনায় দুর্নীতিবিরোধী প্রচারণা আরও শক্তিশালীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে৵ শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে গতকাল মঙ্গলবার এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১১টার দিকে জেলা পাবলিক হল মিলনায়তন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক হল মিলনায়তনে দুপ্রকের ভারপ্রাপ্ত সভাপতি মতীন্দ্র সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ। এ ছাড়া বক্তব্য দেন দুপ্রকের সাধারণ সম্পাদক আলী আমজাদ খান।
অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দুপ্রকের জেলা-উপজেলা পর্যায়ের নেতা ও নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।