দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও স্বাক্ষর জাল করার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন পরিষদের সদস্যরা।
গতকাল সোমবার মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কাছে ১০ জন ইউপি সদস্য লিখিত এ প্রস্তাব দাখিল করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, ১৯ মাস ধরে তাঁদের সম্মানী দেওয়া হয় না। সদস্যদের সম্মতি ছাড়াই এডিপি ও কাবিখা প্রকল্প গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী এলজিএসপি প্রকল্পের কাজ হয় না। চেয়ারম্যান পছন্দের লোকদের প্রকল্প চেয়ারম্যান বানিয়ে ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলন করেন। সরকারি অনুদান ইচ্ছেমতো বিতরণ করেন। রাস্তাঘাট উন্নয়নের কাজ নিজের ভাটার নিম্নমানের ইট দিয়ে করেন ইত্যাদি।
ইউনিয়ন পরিষদের সচিব রাশেদুল হক জানান, ফান্ড নেই, তাই সদস্যদের ও চেয়ারম্যানের ভাতা বন্ধ আছে। সড়ক উন্নয়নের জন্য এডিবির ১০ লাখ টাকার সংস্কারকাজ ও সরকারি কম্বল কীভাবে বিতরণ হয়েছে তা তিনি জানেন না।
চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সদস্যরা ভিজিডি প্রকল্পের চাল চেয়েছিলেন, কিন্তু না পাওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ডিসির কাছে অনাস্থা প্রস্তাবপত্র দিয়েছেন।