দুর্নীতির অভিযোগ, আশিয়ানের এমডিকে দুদকে তলব

আবাসন প্রতিষ্ঠান আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, রাজউকের অননুমোদিত আবাসিক প্রকল্পে সাধারণ মানুষের জমি না কিনে প্রকল্পভুক্ত করছে তারা। এর পাশাপাশি জাল দলিলে চার ব্যাংক থেকে শত শত কোটি টাকা অবৈধ ঋণও গ্রহণ করেছে।
অনুসন্ধানের অংশ হিসেবে আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নজরুল ইসলাম ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি।
দুদকের নোটিশে তাঁকে আগামী ৬ মে সকাল সাড়ে ১০টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে। সংস্থাটির উপপরিচালক ও অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের সই করা চিঠিতে তাঁকে তলব করা হয়। নির্দিষ্ট সময়ে তথ্য ও রেকর্ডপত্রসহ হাজির না হলে দুদক আইন-২০০৪-এর ১৯(৩) ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড সরকারি বিধিবিধান অনুসরণ না করে দক্ষিণখান, আশকোনা ও কাওলা এলাকায় অবৈধভাবে কৃষিজমি ভরাট করে পরিবেশ বিপর্যয় করে আবাসন ব্যবসা করছে। তারা সাধারণ মানুষের জমি না কিনে প্রকল্পভুক্ত দেখিয়ে জাল দলিলের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছে।
সরকারি খাল, বিল, জলাশয় ও কবরস্থান জোরপূর্বক দখলসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এর আগেও অনুসন্ধান করেছিল দুদক। এবারও প্রায় একই অভিযোগে নতুন করে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।