দুর্নীতির দায়ে এক বিচারক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক (জেলা ও দায়রা জজ) এস এম আমিনুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, দুর্নীতি, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সুপ্রিম কোর্টের পরামর্শে এই বিচারকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।
২০১২ সালের ১৯ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এস এম আমিনুল ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় জামিনের অনিয়মের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাঁকে সাময়িক বরখাস্তের সুপারিশ করা হয়।