দুর্নীতির প্রতিবাদ করায় প্রধান শিক্ষকসহ চারজন বরখাস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তাঁর অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় প্রধান শিক্ষকসহ চারজনকে বরখাস্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়টির প্রায় ৮০০ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে।

ওই সভাপতির নাম আনোয়ার হোসেন মৃধা। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখা।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজনকে বরখাস্ত করলে শিক্ষা কার্যক্রম চলবে কীভাবে? ওই বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়ম ভেঙে বিদ্যালয়ের উপদেষ্টা নিয়োগ, ব্যাংকে অর্থ জমা না করা, নারী শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণসহ একাধিক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সঠিক উত্তর দিতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে।

বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন বলেন, ‘সভাপতি নিয়ম ভেঙে সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে বিদ্যালয়ের উপদেষ্টা নিয়োগ করেন। তিনি আমার সই জাল করে ব্যাংক থেকে ১ লাখ টাকা হাতিয়ে নেন। এ অভিযোগে উল্টো আমাকে বরখাস্ত করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের তদন্ত দলের সামনে বিষয়টি স্বীকারও করেছেন জয়নাল আবেদীন। আমাকে বরখাস্ত করার পর সহকারী প্রধান শিক্ষক সোনালী কর্মকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন সভাপতি। এ সময় সভাপতি ও তাঁর ভাই শিক্ষার্থীদের বেতন ও পুকুর ইজারার অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। শিক্ষা বোর্ডে এ অভিযোগ দিলে সোনালী কর্মকারকেও বরখাস্ত করা হয়। সভাপতির কথার প্রতিবাদ এবং সভায় উপস্থিত না থাকার অভিযোগে সহকারী শিক্ষক কাজী নাসরিন জাহানকে বরখাস্ত করা হয়। বিদ্যালয়ের ক্যাশ বই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনালী কর্মকারের হাতে হস্তান্তর করার অভিযোগে বরখাস্ত করা হয় অফিস সহকারী মনসুর আলীকেও।’

গত শনিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে বসে আছেন অবসরে যাওয়া প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘আমি বিদ্যালয়ের বিশেষ কোনো দায়িত্বে নেই। অলিখিতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। সই জাল করে টাকা নিইনি। তদন্ত কমিটির কাছে কী বলেছি তা মনে নেই।’

বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনালী কর্মকার বলেন, ‘আমাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলেও আর্থিক লেনদেন করতেন সভাপতি, তাঁর ভাইসহ তিনজন। তাঁরা কোনো টাকা ব্যাংকে জমা করেননি। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানোয় আমাকে বরখাস্ত করা হয়।’

সহকারী শিক্ষক কাজী নাসরিন জাহান বলেন, ‘সভাপতি ও তাঁর ভাই অনিয়ম-দুর্নীতি করেই ক্ষান্ত হননি। শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন। প্রতিবাদ করায় আমাকে বরখাস্ত করা হয়েছে।’

সভাপতির ভাই ও কম্পিউটার শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘পরিচালনা পর্ষদ কয়েকজন শিক্ষককে বরখাস্ত করেছে। তাঁদের পরিবর্তে তিনজন খণ্ডকালীন শিক্ষক নেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়।’

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসেন মৃধা বলেন, ‘প্রধান শিক্ষকসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের চেক জালিয়াতির বিষয়ে তদন্ত কমিটি আমাদের কাছে কোনো তথ্য দেয়নি। অর্থ আত্মসাৎ হলে তার দায় ক্যাশিয়ার, অফিস সহকারী ও প্রধান শিক্ষকের। নারী শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ মিথ্যা। আমার ভাই প্রভাব বিস্তার করে এটাও ভিত্তিহীন। বোর্ড থেকে কোনো নোটিশ পাইনি।’