দুর্নীতির মামলায় সাবেক সিভিল সার্জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগে করা মামলায় সাবেক সিভিল সার্জন মো. হারিস উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. ইসরাইল হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, হারিস উদ্দিন গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। একই মামলায় ১১ ফেব্রুয়ারি সিলেট বিভাগের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী ও সাবেক সহকারী পরিচালক মো. আবদুল মুনিম চৌধুরীকেও জেলহাজতে পাঠিয়েছিলেন আদালত। বর্তমানে তাঁরা জামিনে আছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়। এতে ১২০ জন কর্মচারী নিয়োগ পান। কিন্তু নিয়োগে নানা অনিয়মের অভিযোগ ওঠে। পরে নিয়োগবঞ্চিতদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করা হয়। দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম তদন্ত করে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রমাণ পান। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১২০টি পদের মধ্যে ৩৬ জন মুক্তিযোদ্ধার সন্তানকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৩২ জন। এ ছাড়া এতিম ও প্রতিবন্ধী কোটায় ১২ জনের মধ্যে একজন এবং আনসার-ভিডিপি কোটায় ১২ জনের মধ্যে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর উপজাতি কোটায় ছয়জন নিয়োগ দেওয়ার কথা থাকলেও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এর বাইরে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে কমিটির পছন্দের লোক নিয়োগ দেওয়া হয়েছে। নম্বরপত্রে কাটাকাটি করে নম্বরও বাড়ানো হয়েছে কোনো কোনো পরীক্ষার্থীর।

এ বিষয়ে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম বাদী হয়ে গত বছরের ২২ এপ্রিল সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন। এতে সুনামগঞ্জের তৎকালীন সিভিল সার্জন মো. হারিস উদ্দিন আহমেদ, সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ইকবাল হোসেন চৌধুরী, সহকারী পরিচালক আবদুল মুনিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. হালিম মিয়া, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আলম ও সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী মো. আবদুল খালেককে আসামি করা হয়। কামরুল আলমকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক থাকা অবস্থায় ১২ ফেব্রুয়ারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদালতে গতকাল বাদীপক্ষে ছিলেন সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল আলম। আর আসামিপক্ষে মো. জহুর আলী।