দুর্নীতির মামলায় আটজন গ্রেপ্তার
পৃথক দুর্নীতির মামলার এজাহারভুক্ত আটজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
দুদকের এ উপপরিচালক জানান, আজ ঢাকা, সিলেট, বগুড়া, দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও ঘুষ গ্রহণের অভিযোগে করা আলাদা মামলার এসব আসামি পলাতক ছিলেন। তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট আবুল ফজল, ঢাকা সদর রেকর্ড রুমের সাবেক সাব–রেজিস্ট্রার ভবতোষ ভৌমিক, সোনালী ব্যাংকের ময়মনসিংহের ভালুকা শাখার সাবেক ব্যবস্থাপক আসাদুজ্জামান, একই শাখার কর্মকর্তা একরামুল হক খান, হবিগঞ্জ শাহজালাল (রা.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার হারুনুর রশিদ, টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রকল্পের সেক্রেটারি রফিকুল ইসলাম, দিনাজপুর নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোশাররফ হোসেন ও বগুড়ার কাহালুর বেলঘড়িয়া হাইস্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোত্সাহী সদস্য আল আমিন।