দুর্নীতির মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে
দুর্নীতির মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠার পর গত ১৫ মে আসলাম চৌধুরীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগে আসলাম চৌধুরী, তাঁর স্ত্রী, ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে ১৬ জুলাই নগরের ডবলমুরিং থানায় দুর্নীতির মামলা করেন (দুদক) চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিকলাল দাশ। আসলাম চৌধুরী ও এবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক বদরুল হক খান আগেই অন্য অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাই তাঁদের দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করে দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখান।
আসলাম চৌধুরীর আইনজীবী আবদুস সাত্তার বলেন, ঋণের কিছু টাকা পরিশোধ করেছিলেন আসলাম চৌধুরী। তারপরও তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে।