দুর্নীতির মামলায় উপসচিব, উপজেলা চেয়ারম্যান ও অডিটর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির আলাদা মামলায় জনপ্রশাসনের একজন উপসচিব, উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের একজন অডিটরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার ঢাকা ও কুমিল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ আমিনকে। গতকাল ভোরে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদকের সূত্র বলেছে, মোহাম্মদ আমিনের বিরুদ্ধে ৪৮ লাখ ৬৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত জুলাই মাসে মামলা করে দুদক। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় দেড় কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক সহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমানকে। তিনি বর্তমানে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান। গতকাল ভোরে উপপরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে দুদকের একটি দল তাঁকেও মগবাজার থেকে গ্রেপ্তার করে।

একই মামলায় এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেজবাউল করিম গ্রেপ্তার হন।

চলতি বছরের ১৩ জুন দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম গেন্ডারিয়া থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেন। আসামিরা হলেন তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি-অঞ্চল-১) নির্বাহী প্রকৌশলী মেজবাউল করিম, সহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দে ও ঠিকাদার আবুল হোসেন চৌধুরী।

এজাহারে বলা হয়, ২০০৬-০৮ সালের মধ্যে দয়াগঞ্জে সুইপার কলোনি নির্মাণের প্রকল্প নেয় ডিসিসি। প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন মেজবাউল করিম। তাঁর সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ছিলেন মজিবুর ও নির্মল চন্দ্র। প্রকল্পের কাজ মানসম্মত ও শর্ত মোতাবেক হয়নি। তা সত্ত্বেও ঠিকাদারকে ১ কোটি ৪২ লাখ ৪২ হাজার ১০ টাকা বিল পরিশোধ করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরে বুয়েটের বিশেষজ্ঞরা ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে প্রতিবেদন দেন। প্রতিবেদনের ভিত্তিতে ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়।

এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর আবদুল বারেককে। দুপুরে তাঁকে তাঁর কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, গ্রেপ্তারের পর বারেককে কুমিল্লার কোতোয়ালি মডেল থানাহাজতে রাখা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হবে।

দুদকের সূত্র বলেছে, বারেক ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর ছিলেন। ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে ওই জেলায় বিভিন্ন ব্যক্তির পেনশনের ১৬ কোটি ছয় লাখ ২ হাজার টাকা ভুয়া ভাউচার করে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ২০১৫ সালের ১২ অক্টোবর বারেকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।