দুর্নীতির মামলায় বাউফল উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক সহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান গ্রেপ্তার হয়েছেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।

আজ সোমবার ভোরে রাজধানীর মগবাজার এলাকা থেকে মজিবুরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক জুলফিকার আলী।

একই মামলায় এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেজবাউল করিম গ্রেপ্তার হন।

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় দেড় কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে চলতি বছরের ১৩ জুন রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি মামলা করে দুদক। দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন। এতে চারজনকে আসামি করা হয়।

আসামিরা হলেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি-অঞ্চল-১) তৎকালীন নির্বাহী প্রকৌশলী মেজবাউল করিম, সহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দে ও ঠিকাদারি প্রতিষ্ঠান আবুল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আবুল হোসেন চৌধুরী।

মামলার এজাহারে বলা হয়, ২০০৬-০৮ সালের মধ্যে রাজধানীর দয়াগঞ্জে সুইপার কলোনি নির্মাণের প্রকল্প নেয় ডিসিসি। প্রকল্পের কাজ পায় আবুল অ্যান্ড ব্রাদার্স। প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন প্রকৌশলী মেজবাউল। তাঁর সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ছিলেন মজিবুর ও নির্মল চন্দ্র। প্রকল্পের কাজ মানসম্মত ও শর্ত মোতাবেক হয়নি। তা সত্ত্বেও ঠিকাদারকে ১ কোটি ৪২ লাখ ৪২ হাজার ১০ টাকা বিল পরিশোধ করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরে বুয়েটের বিশেষজ্ঞরা ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে প্রতিবেদন দেয়। প্রতিবেদনের ভিত্তিতে ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্টদের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সরকারের ক্ষতিসাধন হয়েছে।