দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের বসতঘর!
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার মুরাপাড়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় একদল দুর্বৃত্ত নুরুল আলমের বসতঘরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। ওই সময় পরিবার নিয়ে ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন নুরুল আলম। আগুনের লেলিহান শিখা দেখে কোনো রকমে স্ত্রী-সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন তিনি। তবে বসতঘর থেকে কোনো আসবাবপত্র বের করতে না পারায় চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেছে সব।
নুরুল আলম বলেন, বন বিভাগের একখণ্ড জমি নিয়ে তাঁর সঙ্গে স্থানীয় একটি চক্রের বিরোধ রয়েছে। প্রতিশোধের বশবর্তী হয়ে তাদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা সাতটি গুলি ছুড়ে তাঁর বসতঘরটি আরও একবার আগুন দিয়ে পুড়ে দিয়েছিল।