দুর্বৃত্তদের কবল থেকে মেয়েকে রক্ষা করতে গিয়ে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা করতে গিয়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে বাবা খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূইগড়ের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্যমতে, নিহত ব্যক্তির নাম মণীন্দ্র চন্দ্র অধিকারী (৫২)। তাঁর বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জে। তিনি রঘুনাথপুর এলাকায় এনামুল হকের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। ওই বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।

স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল দিবাগত রাতে ১০-১২ জন দুর্বৃত্ত দুটি মাইক্রোবাসে করে মণীন্দ্রের বাসায় হামলা চালায়। তারা তাঁর (মণীন্দ্র) তরুণী মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে দুটি মাইক্রোবাসের দুই চালকসহ সাতজনকে আটক করা হয়।

ওসি কামাল উদ্দিন বলেন, তাঁরা জানতে পেরেছেন, মেয়েটির সঙ্গে ঢাকার ছেলে তুহিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল দিবাগত রাতে দলবলসহ এসে মেয়েটিকে তুলে নেওয়ার চেষ্টা করেন তুহিন। বাবা বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেসুর রহমান বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। সাতজনকে আটক করা হয়েছে। তুহিনসহ অন্যদের ধরার চেষ্টা চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক সাতজন হলেন বাবু, হৃদয়, নজরুল, মনির, সুশান্ত, জাহিদ ও জুয়েল। তাঁদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে। আটক হওয়া ব্যক্তিদের ফতুল্লা থানার পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত মণীন্দ্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।