দুর্বৃত্তদের ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের ক্রিকেট ব্যাট ও পাম্পের আঘাতে মো. সোহেল (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চানকাশিমপুর গ্রামের খুরশিদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সোহেলের একাধিক প্রতিবেশীর ভাষ্য, আজ বিকেলে সোহেল চান কাশিমপুরের খুরশিদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা চলাকালে একই এলাকার সাত-আটজনের একদল যুবক ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্প নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা এ সময় সোহেলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে তাঁকে মারাত্মকভাবে আহত করে মুমূর্ষু অবস্থায় মাঠে ফেলে চলে যায়। এ সময় মাঠের খেলোয়াড়েরাও ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মৃত অবস্থায় সোহেল নামের এক যুবককে কয়েক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে জানিয়েছেন, নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সোহেলের বাবা দিনমজুর খুরশিদ আলম বলেন, তাঁর ছেলে ঢাকার চকবাজারে একটি ব্যাগের কারখানায় চাকরি করত। কারা তাঁর ছেলেকে মেরেছে তিনি জানেন না।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনী দায়িত্বে কবিরহাট উপজেলায় রয়েছেন। খেলা নিয়ে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফিরে বিস্তারিত জানা যাবে।