দুর্বৃত্তদের গুলি-চাপাতির কোপে দুই সহোদর আহত
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন মার্কেটের সামনে দুর্বৃত্তদের গুলি ও চাপাতির কোপে দুই সহোদর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় প্রকৌশলী আদনান আবেদিন ওরফে বাবু (৩০) ও তাঁর বড় ভাই গিয়াসউদ্দিন ওরফে রাজুকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আদনান ও তাঁর ভাই গিয়াস বিএসএমএমইউ কোয়ার্টারে থাকেন। রাত ১১ টার দিকে আদনান ও গিয়াস বিএসএমএমইউ মেডিসিন মার্কেটের সামনে কথা বলছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত এসে তাঁদের ওপর চড়াও হয়। তারা আদনানের পিঠে গুলি করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা বড় ভাই গিয়াসকে হাতে ও পিঠে চাপাতির আঘাত করে পালিয়ে যায়।
রাত সোয়া ১২ টার দিকে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, লেনদেন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত হয়ছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।