দুর্বৃত্তদের গুলিতে কাউন্সিলর পুত্র খুন
খুলনা সিটি করপোরেশনের ২ নম্বর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর সাহিদা বেগমের ছেলে নজরুল ইসলাম ওরফে নজু (২৭) খুন হয়েছেন। গত বুধবার রাতে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নজরুল ইসলামের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বাদ আসর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়েছে। নজরুলের মা সাহিদা বেগম আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর হিসেবে পরিচিত এবং তাঁর স্বামী সোহরাব হোসেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান স্থানীয় ব্যক্তিরা।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে নজরুলের বাবা সোহরাব হোসেন গতকাল একটি হত্যা মামলা করেছেন। সেলিম ওরফে ডাকাত সেলিম (৩৬), তায়জুল ইসলাম ওরফে ভাগনে রাজু (৩০) ও সোহেলকে (৩০) মূল আসামি করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের নামে মামলাটি করা হয়েছে।
নজরুলের মা সাহিদা বেগমের ভাষ্যমতে, গত সোমবার খুলনা নগরের পাবলা ফকির পাড়ায় রাজু ও সোহেলের মাদক ব্যবসার প্রতিবাদ করেন নজরুল। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা তাঁকে মেরে ফেলার হুমকি দেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যান সেলিম। এ প্রতিবাদের জের ধরে তাঁরা তাঁকে খুন করেন।
খুনের ঘটনাস্থল বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তর-সংলগ্ন এলাকার আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তাঁরা গুলির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে নজরুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, ওই সময় নগরের নতুন রাস্তার একটি দোকানে চা খাচ্ছিলেন সেলিম, সুজন, তুহিন ও নজরুল। কিছুক্ষণ বিজিবি সদর দপ্তর-সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কের ওপর নজরুলের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। তাঁর মাথার বাঁ দিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলি মাথা ভেদ করে বেরিয়ে যায়। তাঁর লাশ উদ্ধারের সময় কোমরে একটি এমএম পিস্তল, তিনটি গুলি ভর্তি ম্যাগাজিন গোঁজা ছিল। তাঁর নামে দৌলতপুর থানায় ১২টি মামলা আছে।
পুলিশ জানায়, আসামি সেলিমের নামে চারটি ও রাজুর নামে চারটি মামলা আছে। নজরুল, সেলিম ও রাজু একটি মামলায় মাস খানেক আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। নজরুলের বন্ধু সুজন ও তুহিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আসামিরা পলাতক রয়েছেন।