দুর্বৃত্তদের গুলিতে পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলায় দুই দল দুর্বৃত্তের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে এক পথচারী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ সোমবার এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম পিংগুলা চাকমা (৪৫)। আহত ব্যক্তি হরিধন চাকমা।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া নামক এলাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে দুই দল দুর্বৃত্তের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এ সময় ঘাগড়া বাজারের দিকে যাচ্ছিলেন পিংগুলা ও হরিধন। গুলিবিনিময়ের মাঝখানে পড়ে ঘটনাস্থলে নিহত হন পিংগুলা। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন হরিধন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলু বড়ুয়া বলেন, ‘জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গুলিবিনিময় হয়েছে বলে শুনেছি। এ সময় মাঝখানে পড়ে এক নারী পথচারী নিহত ও একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন।’
গুলিবিনিময়ের ঘটনায় জড়িত থাকার কথা তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ।