দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ বাজারের কাছে দুর্বৃত্তদের গুলিতে মো. দাউদ (৩৫) নামের এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত দাউদ যুবলীগের উপজেলা কমিটির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যুবলীগ নেতা দাউদ আমিরাবাদ বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। তিনি বাজার থেকে অল্প কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দাউদ ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁর ডান পাশের নিতম্বে একসঙ্গে কয়েকটি গুলি লেগেছে। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবলীগের উপজেলা কমিটির সদস্য দাউদ গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা কী কারণে তাঁকে গুলি করেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি সম্পর্কে তাঁরাও খোঁজখবর নিচ্ছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেছেন। হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ বিষয়ে বুধবার বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।