>ওই অগ্নিকাণ্ডে স্কুলের অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন, লাইব্রেরিসহ ৭টি শ্রেণিকক্ষসহ কয়েক শ এসএসসি ও জেএসসি পাস শিক্ষার্থীর সনদ পুড়ে যায়
গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মানববন্ধন করেছে ১৯৯২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বন্ধু বিরানব্বই’। গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি হাইস্কুলে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বন্ধু বিরানব্বইয়ের সদস্য জয়া প্রসাদ, মো. রোমেল, অনিক মিয়া, সুজন মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, স্কুলে আগুন দেওয়ার ঘটনার আট দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এই নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁরা আরও বলেন, চরাঞ্চলে কোনো মাধ্যমিক স্কুল ছিল না। কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি হাইস্কুলে এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা লেখাপড়া করত। কিন্তু সেই স্কুলটি দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়। তাই তাঁরা অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
গণ-উন্নয়ন একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, স্কুল পুড়ে গেলেও পাঠদান অব্যাহত রয়েছে। তাঁবু ও খোলা ঘরের মেঝেতে পাঠদান করা হচ্ছে। নতুন ভবন নির্মাণ বা কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত এভাবে পাঠদান কার্যক্রম চালানো হবে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সন্দেহভাজন একজনকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া তদন্ত অব্যাহত রয়েছে।
গত ২৬ জানুয়ারি রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডে স্কুলের অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন, লাইব্রেরিসহ ৭টি শ্রেণিকক্ষ, ২৫ জোড়া চেয়ার-টেবিল, ১৪০ জোড়া বেঞ্চ, অন্য আসবাব, শিক্ষা সরঞ্জাম, কয়েক শ এসএসসি ও জেএসসি পাস শিক্ষার্থীর সনদপত্র এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার দুটি প্রবেশপত্র পুড়ে যায়।