দুর্বৃত্তদের ছুরিকাঘাত ছাত্রলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে এ ঘটনা ঘটে।
আহত আবদুল্লাহ আল মামুন ওরফে শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সরকার ফারহানা আকতার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শিমুল বিশ্ববিদ্যালয়ের পাশের কাজলা এলাকা থেকে জুবেরি মাঠ দিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। একপর্যায়ে শিমুলকে এলোপাতাড়ি মারধর করে তারা। দুর্বৃত্তরা শিমুলের ডান পায়ের হাঁটুর নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘সন্ত্রাসীদের হামলায় শিমুল আহত হয়েছে। প্রাথমিকভাবে সে হামলাকারীদের চিনতে পারেনি। হামলাকারীরা শিবির কর্মী হতে পারে, ছিনতাইকারী হতে পারে, সন্ত্রাসীও হতে পারে। যে-ই হোক না কেন, আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’