দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজীব (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে গতকাল দুপুরে কামরাঙ্গীরচরে মসজিদের ছাদ থেকে পড়ে মিজানুর রহমান (১৪) নামের এক মাদ্রাসাছাত্র মারা গেছে।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) আরশাদুল হক প্রথম আলোকে বলেন, কদমতলীর চেয়ারম্যানবাড়ি এলাকার কমিশনার রোডের একটি বাসার সামনের রাস্তায় সজীবকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের কারণে তাঁর নাড়িভুঁড়ি বেরিয়ে এসেছিল। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু ঘটে।
আরশাদ বলেন, আশপাশের লোকজন জানিয়েছেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় তিন দুর্বৃত্ত সজীবকে আটকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য সজীবের লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরশাদ বলেন, সজীবের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। কিছুদিন আগে তিনি ঢাকায় তাঁর এক আত্মীয়ের কাছে কাজের সন্ধানে এসেছিলেন। একটি স্কচটেপ তৈরির কারখানায় কাজও পেয়েছিলেন তিনি। কিন্তু গত দুই দিন তিনি নিখোঁজ ছিলেন।
কামরাঙ্গীরচরের নিজামবাগে এসি মসজিদের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্র মিজানুর রহমান মারা গেছে। গতকাল বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। মিজানুরের বড় ভাই তায়েবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, মিজানুর নিজামবাগের স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত। গতকাল দুপুরে সে জুমার নামাজ পড়তে ওই মসজিদে যায়। এ সময় মসজিদের ছাদ থেকে পড়ে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।