দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় পুলিশ আহত
মেহেরপুরের গাংনীতে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে পুলিশের এক কনস্টেবলসহ দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার কাজীপুর সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গাংনীর পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সুবীর চন্দ্র বলেন, গতকাল ভোরে পুলিশ কাজীপুর ও বুড়িপুতা এলাকার সড়কে টহল শেষে ফিরছিল। এ সময় ৮-১০ জন মাদক ব্যবসায়ী সড়ক পার হয়ে মাঠ অতিক্রমের সময় পুলিশের মুখোমুখি হয়ে পড়ে। পুলিশ ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারে। বিস্ফোরণে এক পুলিশ সদস্য ও এক দুর্বৃত্ত আহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারীদের ফেলে যাওয়া ৫০ বোতল ফেনসিডিল ও অবিস্ফোরিত একটি হাতবোমা উদ্ধার করে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন বলেন, বিস্ফোরণে আহত কাজীপুর গ্রামের আতিয়ার রহমানকে (৪৫) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, আতিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।