দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন স্বামী-স্ত্রী
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন এক দম্পতি। আজ বুধবার তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যাসিডদ্বগ্ধ দুজন হলেন মধ্য ভদ্রঘাট গ্রামের তাঁত ব্যবসায়ী শাহ আলম (৪০) ও তাঁর স্ত্রী আরজিনা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শাহ আলম ও আরজিনা। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের বেড়ার ফাঁকা দিয়ে তাঁদের (দম্পতি) শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। স্বামী-স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে প্রাথমিকভাবে তাঁদের শরীরে পানি ঢালেন। সকালে দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তামানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসিড সারাভাইভারস ফাউন্ডেশনে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অ্যাসিড সন্ত্রাসের শিকার শাহ আলম ও তাঁর প্রতিবেশী আবদুল হান্নান জানান, গ্রামের কোনো লোকের সঙ্গে এই পরিবারের বিরোধ নেই। গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য টাকা ওঠানোকে কেন্দ্র করে কিছুদিন আগে কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়েছিল। কী কারণে, কে বা কারা অ্যাসিড ছুড়ে মারল, তা বুঝতে পারছেন না তাঁরা।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, শাহ আলমের শরীরের ৫০ ও আরজিনার ৪০ ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষতস্থান দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে অ্যাসিডেই ঝলসে গেছেন তাঁরা।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সর্দ্দার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই দম্পতির জবানবন্দি নেওয়া হয়েছে। তবে কী কারণে ঘটনাটি ঘটানো হয়েছে, এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এই দম্পতির স্বজনদের মামলা করতে বলা হয়েছে। তাঁরা রোগী নিয়ে ব্যস্ত থাকায় মামলা করতে দেরি হচ্ছে।