দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেল দুটি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামের লালপুরী মার্কেটে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা দুটি দোকান কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
নুনেরটেক গ্রামের বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত দোকানি শুক্কুর আলী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে তাঁর ওষুধের দোকান এবং তাঁর চাচা আবদুর রাজ্জাক মিয়ার মুদির দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে তাঁদের প্রায় ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হতে ইচ্ছুক হওয়ায় প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে তাঁর দাবি। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল হক বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।